দায়িত্ব গ্রহণের ১৮০ দিনে বিএনপি সরকার নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ছয় মাসে অবসান হয়েছে নতজানু পররাষ্ট্রনীতির। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে। অভ্যন্তরীণ বিষয়ে এখন কারো হস্তক্ষেপের সুযোগ নেই।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা নেয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলা হয়েছে।
গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন দেখা গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী ইশতেহারে দেয়া কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। ইশতেহারে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, ২০০টি ইলেকট্রনিক বাস আনা হচ্ছে। এ ছাড়া অর্থনীতিতে সংস্কার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও অনেকটা চূড়ান্ত হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। দায়িত্ব গ্রহণের ছয় মাসে সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে।
খুলনা গেজেট/এনএম

