গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নীলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী জাবেদ আলী শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, রবিবার রাতে নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন জাবেদ আলী। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন