জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ভোজে (ফিস্ট) বিশ্ববিদ্যালয়ের তিতুমীর হল, বিজয় দিবস হল, স্বাধীনতা দিবস হল, বনলতা হল ও অপরাজিতা হলে খাবার পরিবেশন করা হয়। তবে পরিবেশন করা খাবারের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় সাধারণ আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।
তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী রাকিউল আলম রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, খাবার এতই নিম্নমানের ছিল যে মুখে নেওয়া যাচ্ছিল না। অধিকাংশ ডিম পচা ছিল এবং ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি পাওয়া গেছে। আমরা প্রশাসনের কাছে এর জবাব ও দ্রুত তদন্ত দাবি করছি।

এই ঘটনাকে কেন্দ্র করে হলে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে উপাচার্যের কাছে অভিযোগ জানাতে যান। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমান “খাবার ভালো হয়েছে” দাবি করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে মারধর করেন, ফলে তিনি আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এরপর শিক্ষার্থীরা সব হলে মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আসাদুজ্জামান খান জানান, ৫টি হলের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ আসেনি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, হলের খাবারের মান নিয়ে অভিযোগের বিষয়টি আমার নজরে এসেছে। ঘটনাটি অত্যন্ত গর্হিত। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সাথে জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।
খুলনা গেজেট/এএজে

