সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও পিতা-মাতা কিংবা দাদা-দাদি যাতে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে প্রচলিত ‘সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২’-এ দাতা নিজের জীবদ্দশায় ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান নেই। ফলে পিতা-মাতা বা দাদা-দাদি সন্তান কিংবা নাতি-নাতনিকে সম্পত্তি দান করলেও জীবিত অবস্থায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি নিশ্চয়তা পান না।
এ বাস্তবতা বিবেচনায় প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিষয়টিকে সুনির্দিষ্ট রূপ ও আইনি সুরক্ষার আওতায় আনা হয়েছে বলেও এতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
খুলনা গেজেট/এএজে

