দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক তাদের বরখাস্ত করেন।
গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া জানান, আজ সকাল থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে জেলা গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কাশিমপুর ভূমি অফিসে উপস্থিত জনগণের সাথে কথা বলে নানা অভিযোগের কথা শুনেন। পাশাপাশি ভূমি অফিসের সব কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগগুলোর প্রমাণ পাওয়ায় ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই ঘটনায় উক্ত ভূমি অফিসে সেবা নেওয়ার জন্য আগত স্থানীয় জনগণ জেলা প্রশাসকের এই কাজের প্রশংসা করেন।
জেলা প্রশাসক জানান, দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন ভূমি অফিস সম্পর্কে নানা অভিযোগ লিখিত আকারে অবহিত হন। এ কারণে জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদেরকে দুর্নীতিমুক্ত ভূমি সেবা দেওয়ার জন্য আজকের এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। যেখানে দুর্নীতির খবর পাওয়া যাবে তথ্য প্রমাণাদি যাচাই করে সেখানে ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এনএম

