দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এবং ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এবং গতকাল সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথকভাবে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত সায়েম।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. জাকির হুসাইন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. এমতাজ হোসেন।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জি এম শফিউর রহমান। কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনটোমোলজি বিভাগের অধ্যাপক মোছা. নুর মহল আখতার বানু।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগম। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. তারিকুল ইসলাম।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক মো. আবদুস সোবাহান। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর সরকার।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. নওশের ওয়ান।
বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য ও উপ-উপাচার্যরা চার বছর দায়িত্ব পালন করবেন। তাঁদের নিয়োগ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন ও প্রযোজ্য শর্ত অনুযায়ী কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে সোমবার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয় সরকার।
খুলনা গেজেট/এএজে

