রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালধসে নাছিমা বেগম নামে এক নারী ও এক পুরুষের নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়ালধসে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা। আরেকজন পুরুষের (৪০) নাম পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ওই ২ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেয়ালধসে পড়তে দেখে আমি দৌঁড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এর মধ্যে মুখ থেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়ালধসে দুইজনের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা গেজেট/রুএ

