বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

গেজেট প্রতিবেদন

প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।মঙ্গলবার (২৮ জুলাই) তিনি জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে যান। সেখানে পৌঁছলে প্রেসিডেন্ট রেজিমেন্টের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেয়।

গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বঙ্গভবনের অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান।

এসব আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে উপস্থিত হন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বঙ্গভবনের বিভিন্ন বিভাগ ও স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বইয়ের স্বাক্ষর করেন। এছাড়া বঙ্গভবনের তেষাখানা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই বিকেলে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংবিধানের নিয়ম অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দায়িত্ব নেওয়ার পর রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজধানীতে ফিরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন