নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট, বয়স হতে হবে ১২ থেকে ১৮ বছর

গেজেট প্রতিবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের (যারা ২০২৭ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ হবে) অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ২ আগস্ট থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। বিলম্ব ফি ছাড়া নিবন্ধন করা ও ফি জমা দেওয়া যাবে ৩০ আগস্ট পর্যন্ত।

সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরিদর্শন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের সই করা বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সব স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শুধু অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং পূর্বে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তি ও নিবন্ধনের সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরসহ সব প্রয়োজনীয় তথ্য অনলাইনে সংযুক্ত করতে হবে। অনলাইনে আপলোড করা তথ্যের বাইরে কোনো দাবি গ্রহণ করা হবে না।

শিক্ষার্থীদের বয়সের বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছরের কম বা ১৮ বছরের বেশি হলে তার রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রুপ বা বিভাগ নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন। পরে শিক্ষার্থীরা অভিভাবকের সঙ্গে আলোচনা করে বিভাগ নির্বাচন করবে এবং প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন দেবে। প্রয়োজন হলে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনায় নিয়েও গ্রুপ নির্ধারণ করা যাবে।

রেজিস্ট্রেশন কার্যক্রমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিশিক্ষকসহ তিন সদস্যের একটি ‘রেজিস্ট্রেশন কমিটি’ গঠন করতে হবে। চূড়ান্তভাবে তথ্য সাবমিট করার আগে কমিটি ভর্তি ফরমের সঙ্গে অনলাইন তথ্য মিলিয়ে দেখবে। এ কাজে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যাবে না। তথ্যগত ভুল বা অনিয়মের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন।

বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ১৯৬ টাকা। নির্ধারিত সময় পেরিয়ে বিলম্ব ফিসহ নিবন্ধন করতে হলে দিতে হবে ৩৩৬ টাকা, যার মধ্যে ১৫০ টাকা বিলম্ব ফি হিসেবে যুক্ত থাকবে। এ ফি রেজিস্ট্রেশন, ক্রীড়া, স্কাউট, গার্লস গাইড, বিজ্ঞান ও প্রযুক্তি, রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি ফি মিলিয়ে নির্ধারণ করা হয়েছে।  ফি পরিশোধের জন্য শিক্ষা বোর্ডে যাওয়ার প্রয়োজন হবে না। প্রতিষ্ঠানগুলো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে OEMS/eSIF-এ প্রবেশ করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘eSIF SSC 2026’ অপশন থেকে সোনালী সেবা স্লিপ প্রিন্ট করবে। ব্যাংকে ফি জমার ২৪ ঘণ্টা পর পেমেন্ট ক্লিয়ার হলে ই-এসআইএফ পূরণ করা যাবে। একই চালানের ফটোকপি ব্যবহার করে ব্যাংকে অর্থ জমা দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন বাবদ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং বিশ্ব স্কাউট সংস্থার ফি হিসেবে ৪০০ টাকা সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

যেসব প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতি বা স্বীকৃতি নবায়ন হালনাগাদ নেই, তাদের প্রতি তিন বছর মেয়াদি নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে নবায়নের আবেদন করতে হবে। সম্প্রতি স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে বা এ-সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হলে তার সম্পূর্ণ দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন