মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার : মির্জা ফখরুল

গেজেট প্রতিবেদন

মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে প্রায় চার কোটি শিক্ষিত বেকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মাত্র একটি পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ চাকরির আবেদন জমা পড়ছে। পরিবর্তন আনার কাজ চলছে। সময় লাগবে। এখন কর্মমুখী শিক্ষায় মনোযোগ দিতে হবে। সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকেও জোর দিচ্ছে।

সরকারের মাত্র পাঁচ মাসেই অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে মন্তব্য করে বিএনপি’র মহাসচিব বলেন, সরকারের মাত্র পাঁচ মাসেই অনেক ধরনের কথা শুরু গেছে দেশে। এসব থাকবেই। আমরা যেন সুযোগকে হেলায় না হারাই। যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করা হয়েছে। সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এসবের পুনর্গঠনের কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সে যোগ্যতা আছে বলেই মনে করি।

মির্জা ফখরুল বলেন, গ্যাস নাই, তেল নাই। জ্বালানির এ সংকট এখন উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এটা অনেক বড় সমস্যা। এদিকে ইরানে যুদ্ধ চলছে। বিকল্প জ্বালানি আবিষ্কার করতে হবে। গ্রিন এনার্জির দিকে মনোযোগ দিতে হবে। যেখানে আছে সবাই কাজ করে তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। দেশের পরিবর্তনে নিজেকে আগে পরিবর্তন করতে হবে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন