গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অচিন্ত কুন্ডু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরও তিন বন্ধু গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চামটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অচিন্ত্য মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে।
সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব জানান, অচিন্তসহ চার বন্ধু গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে দুটি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে প্রতিযোগিতা (পাল্লা) করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অচিন্ত মারা যান এবং তার সাথে থাকা অপর তিন বন্ধু আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এএজে

