আদালত চলাকালে বিচারকের পেপার ওয়েটের আঘাতে নারী আইনজীবীর মাথা ফাটল

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ এই নজিরবিহীন ঘটনা ঘটে।

অভিযুক্ত বিচারকের নাম মো. সুজন মিয়া।

আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এজলাস চলাকালে কক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন বিচারপ্রার্থী আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে বিচারক মো. সুজন মিয়া একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটি সরাসরি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লাগলে তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আইনজীবী সাবিহা সুলতানা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আলম সেলিম এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিচারকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমানও বিচারকের এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে অভিহিত করেছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়ার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন