শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আল্টিমেটাম, না হলে ফের ‘লংমার্চ’

গেজেট প্রতিবেদন

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে দ্বিতীয় দফায় আলটিমেটাম দিয়েছে। তাদের দাবি, বুধবার (১৫ জুলাই) রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অন্যথায় বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে। পরে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ করা হবে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। ঘোষণার পর তারা শাহবাগ ছেড়ে চলে গেলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আন্দোলনকারীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করব।

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থী জুনায়েদ বলেন, রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার দুপুর ১২টায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে। পরে সেখান থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হবেন শিক্ষার্থীরা।

তিন দফা দাবিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধাঘণ্টা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

বিকেল ৪টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। সেখানে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে শাহবাগের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন