গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস ও প্রতিবেশী অমৃত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস। রায়ে উজ্জ্বল বিশ্বাসকে এক লাখ টাকা এবং কল্পনা বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের আসামি উজ্জ্বল বিশ্বাস অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। তাতে রাজি না হওয়ায় ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় অপর আসামি কল্পনা বিশ্বাস পিঠা বানানোর কথা বলে ঐ শিক্ষার্থীকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা উজ্জ্বল বিশ্বাস জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ৬ বছর পর এ মামলাটির রায় হলো। বর্তমান সময়ে যেভাবে ধর্ষণ বেড়েছে, তাতে এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা এ ধরনের ঘৃণ্য অপরাধ করে, এটি তাদের জন্য একটি সতর্কবার্তা। এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এতে সন্তুষ্ট।

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কদরে আলম খান বলেন, আমরা সমস্ত বাদী ও সাক্ষীদের জেরা করেছি। আশাবাদী ছিলাম যে আমার মক্কেলরা খালাস পাবেন এবং ন্যায়বিচার পাবেন। কিন্তু তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন