খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩

গেজেট প্রতিবেদন

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) সাড়ে ১১ টার দিকে পানছড়ির মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সাড়ে ১১ টার দিকে ব্যাটারি চালিত টমটমে করে পানছড়ি অভিমুখে যাচ্ছিল নিহতরা। এ সময় মধুমঙ্গল পাড়ায় পৌঁছালে আগ থেকে অবস্থান করা এক দল সশস্ত্র যুবক তাদের গাড়ি থামানোর চেষ্টা করে। এ সময় পালানোর চেষ্টা করলে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।

এ বিষয়ে আঞ্চলিক সংগঠনের কোন পক্ষকে মুঠোফোনে কল করেও সংযোগ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে আসছে।

খুলনা গেজেট/এনএম/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন