বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হতে পারে: বিমানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ভবিষ্যতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনের পর বিমান ও পর্যটনমন্ত্রী এ তথ্য জানান।

আফরোজা খানম বলেন, ঢাকায় অবস্থিত প্রথম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে। ভবিষ্যতে আলাপ-আলোচনাক্রমে বিমানবন্দরের নাম পরিবর্তন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ ছাড়া পরে এক সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম চট্টগ্রামে অবস্থিত শাহ আমানত বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে কি না জানতে চান।

তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে দেশি-বিদেশি অনেক বিনিয়োগকারী ও ব্যবসায়ী আসেন। অনেকে তাদের প্রাইভেট জেট নিয়েও আসে, প্রাইভেট বিমান নিয়ে আসে। কিন্তু বর্তমানে বিমানবন্দরের যে অবস্থা, ডিস্ট্রিক্ট শহরের মতো একটা বিল্ডিং আছে, সেখানে না ডোমেস্টিক প্যাসেঞ্জারের সংকুলান হয়, না আন্তর্জাতিক প্যাসেঞ্জারের সংকুলান হয়। আগামীতে এই বিমানবন্দরকে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন কোনো বিল্ডিং হবে কিনা, নতুন কোনো টার্মিনাল হবে কি না?

জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের অব্যবস্থাপনায় অনেক কিছুর অগ্রগতি হয়নি। চট্টগ্রামে বিমানবন্দরের বিষয়ে আমরা পর্যবেক্ষণ করছি। দু-এক দিনের মধ্যে আমরা চট্টগ্রাম বিমানবন্দরে যাচ্ছি। প্যাসেঞ্জাররা যে সুযোগ-সুবিধা চাচ্ছে, আলাপ-আলোচনার মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করব।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন