রবিবার । ২৯শে মার্চ, ২০২৬ । ১৫ই চৈত্র, ১৪৩২

বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহের শৈলকূপা ও নওগাঁর পত্নীতলায় কৃষিকাজ করার সময় পৃথক বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই উপজেলায় আহত হয়েছেন অন্তত ৬ জন।  শনিবার (২৮ মার্চ) সকালে শৈলকূপার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া ও পত্নীতলার শিহাড়া ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২), লক্ষ্মীপুর গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) ও পত্নীতলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আশরাফ আলী (৩২)।

এ ঘটনায় শৈলকূপায় আহত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত বিশ্বাসসহ দুইজন আর পত্নীতলায় আহত হয়েছেন চারজন।

নিহত অপু বিশ্বাসের কাকা বিজয় কৃষ্ণ বিশ্বাস জানান, সকাল থেকে খড়িয়াবাড়িয়া মাঠে পেঁয়াজ তুলতে ব্যস্ত চাষিরা। ভাতিজা অপু ও লক্ষ্মীপুর গ্রামের সমির একই মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিল। তিনি এক গাড়ি পেঁয়াজ নিয়ে বাড়িতে পৌঁছামাত্র শুনতে পান তার ভাতিজাসহ বেশ কয়েকজন বজ্রপাতে আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা অপু বিশ্বাস ও সমির বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, বজ্রপাতে মৃত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আহত রঞ্জিত বিশ্বাসকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, শৈলকুপার খড়িবাড়িয়া মাঠে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো দুই ব্যক্তি।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত ৪ জন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন