মঙ্গলবার । ১৭ই মার্চ, ২০২৬ । ৩রা চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ও সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এবং কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্পের সুমন মিয়ার মেয়ে মহিমা খানম (১০), একই উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের রকিবুল মোল্যার ছেলে মোটরসাইকেল চালক পারভেজ মোল্যা (১৯) এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাসের মেয়ে সেজুতি বিশ্বাস (৮)।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাস তার পরিবার নিয়ে কাশিয়ানীর ওড়াকান্দিতে স্নানোৎসবে আসেন। স্নান শেষে বাড়ি ফেরার পথে আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মোটরসাইকেল শিশু সেজুতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

অন্যদিকে, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশেকুর রহমান জানান, গোপীনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক পারভেজ মোল্যা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী আহত হন।

এ ছাড়া ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাসুদ খান জানান, উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই শিশুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মহিমা খানম নিহত হয় এবং মীম খানম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মীম খানম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন