গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক কন্যাশিশু নিহত হয়েছে। এ ঘটনায় মীম খানম (১০) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিমা খানম আশ্রয়ন প্রকল্পের সুমন মিয়ার মেয়ে। আহত মীম খানম একই প্রকল্পের ইউসুফ শেখের মেয়ে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাসুদ খান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক পারাপাররত দুই শিশুকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মহিমা খানম মারা যায় এবং মীম খানম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গুরুতর আহত অবস্থায় মীম খানমকে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে

