দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টায় এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। একই দিন বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রথম দফায় মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার অস্ত্রোপচার সফল হয়েছে বলে নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের চিকিৎসক। শুক্রবার রাত সাড়ে ৮টায় এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এর আগে শুক্রবার বিকেলে গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা আব্বাস উদ্দিন আহমেদের (মির্জা আব্বাস) মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। এরপর সন্ধ্যার দিকে দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার শুরু হয়।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। ওই সময় তিনি কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী চিকিৎসা সংক্রান্ত দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে মির্জা আব্বাসকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়া হতে পারে। মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রক্রিয়া শুরু করবে পরিবার।
গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যেই শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে দেশেই মির্জা আব্বাসের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিকেলে সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করা হয়েছিল। রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেয়া হয়েছে।’
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত তাকে বিদেশে নেয়া হয়নি। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে পরিবর্তন সম্ভাবনা রয়েছে।
খুলনা গেজেট/এএজে

