গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাংকে টাকা জমা দিতে এসে ৯৩ হাজার টাকার জাল নোটসহ আব্দুর রহিম ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) পূবালী ব্যাংক মুকসুদপুর শাখা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রহিম ফকির মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. খোকন ফকিরের ছেলে।
পূবালী ব্যাংক মুকসুদপুর শাখার অ্যাডভান্স ইনচার্জ মো. হাসিবুল হাসান জানান, বৃহস্পতিবার পূবালী ব্যাংক মুকসুদপুর শাখায় আব্দুর রহিম ফকির অনলাইনে টাকা পাঠাতে আসেন। এ সময় তিনি দ্রুত টাকা জমা নেওয়ার জন্য তাড়া দিতে থাকেন। পরে ব্যাংকের ক্যাশিয়ার টাকা জমা নেওয়ার জন্য নোটগুলো হাতে নিয়ে পরীক্ষা করে সেগুলো জাল হিসেবে শনাক্ত করেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৯৩টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ জাল নোটগুলো জব্দ করে এবং ওই ব্যক্তিকে আটক করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি জানালে পুলিশ ব্যাংকে গিয়ে জাল নোটসহ আব্দুর রহিম ফকিরকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এএজে

