বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর

গেজেট প্রতিবেদন

মশার বংশ বিস্তার ও ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে চলতি মাসের ১৪ তারিখ থেকে সারদেশে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি এই মহামারি মোকাবিলায় সকলকে সচেতন হওয়ার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। সুতরাং ডেঙ্গু থেকে রক্ষা পেতে আগে থেকেই সকল প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরী। বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সাধারণত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকে। তবে জনস্বাস্থ্য বিজ্ঞান বলছে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্দ নেই। সুতরাং যেকোনো সময় মানুষ ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হতে পারেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। ৩ দিন জমে থাকা পানিতে মশা জন্মাতে ভপারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, নর্দমার মতো যেসব জায়গায় পানি জমে থাকার সুযোগ রয়েছে সেসব জায়গা পরিষ্কার করে রাখাই সবচেয়ে কার্যকর উপায়। সুতরাং ফুলের টব, ড্রাম, বালতি, ডোবা, বাড়ি বা বাসার ছাদে পানি জমতে দিবেন না। পানির ট্যাংক্ক ঢেকে রাখা অত্যন্ত জরুরী। প্রতি সপ্তাহে একবার বাড়ি বা বাসার ভেতর এবং বাহির পরিষ্কার রাখতে হবে

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। এরই পরিপ্রেক্ষিতে সরকার ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এর পাশাপাশি প্রতিটা এলাকায় সংসদ সদস্য ও সর্বস্তরের জনপ্রতিনিধিদের কাছে আমার আহ্বান জনগনকে সাথে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার যার যার এলাকা পরিষ্কার এবং আশে আশে এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন