মাদকাসক্ত ছেলের সীমাহীন অত্যাচার থেকে বাঁচতে নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিলেন এক মা।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত যুবককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। সাজা ঘোষণার পর থানা-পুলিশের মাধ্যমে সোহেল রানাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সোহেল রানা (২৩)। তিনি গোপালপুর গ্রামের বাসিন্দা। সোহেল রানার মা জোসনা খাতুন জানান, গত তিন বছর ধরে তার ছেলে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করত এবং টাকা না পেলে ঘরের আসবাবপত্র ভাঙচুর করত। সন্তানের এমন অবর্ণনীয় নির্যাতনে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, সোহেল রানার মায়ের আবেদনের পর মঙ্গলবার সকালে তাকে মাদকাসক্ত অবস্থায় বাড়ির সামনে থেকে আটক করা হয়। নেশার টাকা না পেয়ে তিনি বাড়িতে ভাঙচুর করছিলেন বলেও পুলিশ প্রত্যক্ষ করে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন। এরপর আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
খুলনা গেজেট/এমএনএস

