বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

টুঙ্গিপাড়ায় নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্য প্রদর্শনী

গেজেট প্রতিবেদন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কোকাকোলা ফাউন্ডেশনের অর্থায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ইউনাইটেড পারপাস’-এর আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়া পৌর মার্কেটের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। ইউনাইটেড পারপাসের ইমপ্লিমেন্টেশন গ্রোয়িং টুগেদার প্রজেক্ট ম্যানেজার আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সহকারী প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলামসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষ পাঁচজন সফল উদ্যোক্তাদের হাতে উপহার তুলে দেয়া হয়। পরে নারী উদ্যোক্তাদের প্রদর্শিত পণ্যের স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। তিনটি স্টলে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পাটজাত পন্য, বিভিন্ন কৃষি পণ্য, টেলিচিকিসা, জৈব সার, দেশী ডিমসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করেন।

নারী উদ্যোক্তা ভলান্টিয়ার সিমলা বিশ্বাস বলেন, আমাদের নারীরা পাট দিয়ে বিভিন্ন ব্যাগসহ পণ্য উৎপাদিত করেছেন। এসব পণ্য এখানে প্রদর্শন করা হচ্ছে। নারীদের উৎপাদিত এসব পণ্য বিক্রি করে তারা স্বাবলম্বী হচ্ছেন।

অপর নারী উদ্যোক্তা ভলান্টিয়ার মুক্তা বিশ্বাস বলেন, নারীরা কৃষিকাজ করে বিভিন্ন সবজি ও জৈবসার উৎপাদন করছেন। নারীদের প্রশিক্ষণ দিলে তারা এগিয়ে যাবে।

ইউনাইটেড পারপাসের ইমপ্লিমেন্টেশন গ্রোয়িং টুগেদার প্রজেক্ট ম্যানেজার আনোয়ারা বেগম বলেন, আমরা নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। এতে নারীদের দক্ষতা উন্নয়ন হচ্ছে। তারা এ প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন উৎপাদনশীল কাজ করতে পারছেন। এতে একদিকে যেমন পণ্য উৎপাদন হচ্ছে, অন্যদিকে তারা অর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমাদের সহযোগিতা সব সময় থাকবে।

টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, বর্তমানে নারীরা পিছিয়ে নেই। তারা পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এসব নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন