আইনের শাসন কায়েম তথা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা আমাদের সারা বাংলাদেশে শত সহস্র আইনজীবীরা প্রতিজ্ঞা করেছিলাম ফ্যাসিস্ট রেজিমের পদত্যাগ তথা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আইনজীবী সমাজ দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের যে ওয়াদা ছিল সেই ওয়াদা রক্ষা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।’
তিনি আরও বলেন, ‘এইবার বাংলাদেশ তথা আমাদের এই জাতীয় নেতৃবৃন্দের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনে যে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছেন যেখানে আইনের শাসন থাকবে, সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সাংবিধানিক অধিকার থাকবে। সেই জন্য আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়ার সারথী হিসেবে আমরা প্রত্যেককে আমাদের পাশে পাবো। ইনশাআল্লাহ।’
‘এই পর্যায়ে আমাদের যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন পালা আইনের শাসন কায়েম তথা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সেই ক্ষেত্রে বাংলাদেশের সমস্ত আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানাবো-আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি; যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তবাদী আইনজীবী ফোরামা সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
খুলনা গেজেট/এমএনএস

