কক্সবাজারের টেকনাফ উপজেলায় নৌ-বাহিনীর অভিযানে সোয়া দুই লাখের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে এ সব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
নৌ-বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। নৌ-বাহিনীর আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি আস্তানা থেকে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
নৌ-বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া এ সব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

