চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে একযোগে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকাটিকে ঘিরে সোমবার (৯ মার্চ) এই বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরে অপরাধীদের অবস্থান ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন। পুরো এলাকাটি ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও অভিযানের পরিধি বাড়াতে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। সন্ত্রাসী ও অপরাধীদের দৌরাত্ম্য রুখতে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে নিরাপদ করতে এবং অপরাধের নেটওয়ার্ক ভাঙতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন চলাকালীন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/এনএম

