বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

‘চলেন যুদ্ধে যাই’, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গেজেট প্রতিবেদন

সপ্তাহের প্রথম কার্যদিবসে এক ব্যতিক্রমী মন্তব্যের মধ্য দিয়ে দিনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে তিনি হাসিমুখে বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা তখন প্রস্তুত ছিলেন। দরজা খুলে বের হওয়ার সময় উপস্থিত সবার দিকে তাকিয়ে হাসিমুখে তিনি বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’

তিনি বলেন, হঠাৎ এমন মন্তব্যে উপস্থিতরা কিছুটা বিস্মিত হন। পরে সবাই বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্বকে রূপক অর্থে যুদ্ধের সঙ্গে তুলনা করেই তিনি এ কথা বলেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সারা দিন তার বেশ কয়েকটি বৈঠক নির্ধারিত রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে শিক্ষা খাত সংক্রান্ত আলোচনার কথা রয়েছে। এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিনিয়োগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ রাষ্ট্রের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে আজ দিনভর ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন