নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নীচ তলায় ঝুটের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার সময় ভবনটির নীচ তলায় ঝুটের গুদামে এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নীচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং বাড়ির ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশেপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসব বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করেন।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এমএনএস

