শুক্রবার । ৬ই মার্চ, ২০২৬ । ২১শে ফাল্গুন, ১৪৩২

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

গেজেট প্রতিবেদন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে ‘মিস-ইনফরমেশন’ (ভুল তথ্য) এবং ‘ডিস-ইনফরমেশন’ (অপতথ্য) মোকাবিলা করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে (ডিএফপি) এক ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশন এই ইফতার মাহফিলে আয়োজন করে।

তিনি বলেন, দেশ এখন ইনফরমেশন হাইওয়েতে থাকলেও এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠে তথ্যের সঠিক প্রবাহ বজায় রাখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে তথ্য পৌঁছে দেয়ার জন্য যে প্রযুক্তি আর কাঠামো প্রয়োজন, তাতে সরকারের কিছু দুর্বলতা রয়েছে। সেবার ক্ষেত্রে এই ঘাটতিগুলো চিহ্নিত করা জরুরি।

তিনি বলেন, ‘সেবা দেয়ার ক্ষেত্রে ঘাটতিটা কোথায় সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের দক্ষ জনবলকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে।’

জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয়ের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য প্রবাহ সঠিক রেখে একটি তথ্যনির্ভর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সদস্যসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন