বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে রাষ্ট্রাচার সীমিত, বিমানবন্দরে ৪ জনের বেশি নয়

গেজেট প্রতিবেদন

প্রধানমন্ত্রী সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে চারজন সরকারি প্রতিনিধি উপস্থিত থাকবেন। আগে এই সংখ্যা ছিল অনেক বেশি। নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের ২৮ অগাস্ট জারি করা রাষ্ট্রাচার সংক্রান্ত নির্দেশনা বাতিল করে নতুন এই বিধান কার্যকর করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত থাকবেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই চারজনই সেখানে থাকবেন।

এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে রাষ্ট্রাচার সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছিল অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই নির্দেশনা বাতিল করা হয়েছে।

২০২৪ সালের ওই নির্দেশনায় বলা হয়েছিল, প্রধান উপদেষ্টার সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। তাদের মধ্যে ছিলেন উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম একজন উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ডিপ্লোমেটিক কোরের প্রধান এবং স্বাগতিক দেশগুলোর মিশন প্রধানরা।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকেও উপস্থিত থাকার কথা বলা হয়েছিল।

তখন আরও নির্দেশনা ছিল, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধানও বিমানবন্দরে উপস্থিত থাকবেন। নতুন সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় সফরের সময় বিমানবন্দরে উপস্থিতির তালিকা উল্লেখযোগ্যভাবে সংক্ষিপ্ত করা হলো।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন