ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ১৬৯ দশমিক ৭২ গ্রাম স্বর্ণ, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ৪ হাজার ৯২০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক এবং ৮৮৭ মিটার থান কাপড়। এছাড়া ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি প্রসাধনী সামগ্রী, ২ হাজার ৪৬৪টি ইমিটেশন গহনা ও ১৮ লাখ ৮৩ হাজার ৫৪৫টি আতশবাজি জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযানগুলোতে ৩ হাজার ৬৪৬ ঘনফুট কাঠ, ১৩ হাজার ৮৫২ কেজি চা–পাতা, ৮ হাজার ৪৭৪ কেজি সুপারি, ১৭ হাজার ৪৭২ কেজি কয়লা, ৫৫ হাজার ২৬০ ঘনফুট বালু, ১৯৫টি মোবাইল ফোন, ৪ হাজার ৯২৮টি মোবাইলের ডিসপ্লে ও ৫ হাজার ৬৪৩টি চশমা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ ও ১ হাজার ২০৪ কেজি রসুন জব্দ করা হয়েছে।
কৃষিপণ্য ও অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ৩ হাজার ৫৫৬ প্যাকেট বিভিন্ন ধরনের বীজ, ৪ হাজার ৭০১ কেজি সার, ২ হাজার ৩৯২ প্যাকেট কীটনাশক ও ৯৪ হাজার ২২৭ পিস চকোলেট। এছাড়া ৬৩৮টি গরু ও মহিষ, তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং বেশ কিছু যানবাহন জব্দ করা হয়েছে। জব্দ করা যানবাহনের মধ্যে রয়েছে আটটি ট্রাক বা কাভার্ড ভ্যান, সাতটি ট্রাক্টর, সাতটি পিকআপ, দুটি প্রাইভেটকার বা মাইক্রোবাস, দুটি ট্রলি, ২৯টি সিএনজি বা ইজিবাইক, ৩৪টি মোটরসাইকেল এবং ২৬টি বাইসাইকেল বা ভ্যান।
অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি বিদেশি ও দেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গুলি, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, তিন কেজি গান পাউডার এবং ২৪টি অন্যান্য অস্ত্র।
এ ছাড়া গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা। এছাড়া ৬ হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ১০০ লিটার বাংলা মদ ও ১ হাজার ৩৬৮ বোতল ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, এসব অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও চোরাচালানের অভিযোগে ১৪১ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি নাগরিক, দুইজন ভারতীয় নাগরিক ও ১৩৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

