গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫ জন আহত হয়েছেন। মারাত্মক আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। মারাত্মক আহত ৫ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার কাজ শেষ হলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ রয়েছে। তারা আইনী পদক্ষেপ গ্রহণ করবেন।
স্থানীয়রা জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর দুটি গতিরোধক দেয়া হয়েছে। এর কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। যানবাহনে গতি থাকার কারণে গরিরোধক পার হতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে, অনেক আহত হচ্ছে।
খুলনা গেজেট/এনএম

