বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২
বিকেএমইএ’র সভাপতিকে ফ্যাসিস্টের দোসর বলায় অবরুদ্ধ

নারায়ণগঞ্জে এনসিপির সংসদ সদস্যকে উদ্ধার

গেজেট প্রতিবেদন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে ১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইনশৃঙ্খলাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাংলা‌দেশ জামায়াত ইসলামী পেশাজীবী সংগঠন আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান সাংসদ আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন।

বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসবো না। এরপরপরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।

পরে শহরে এনসিপির কার্যালয়ে গিয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের জানান, বিকেএমইএ’র সভাপতিকে তিনি ফ্যাসিস্ট বলেছেন এবং তিনি যৌক্তিক মন্তব্য করেছেন। বিকেএমইএ’র সভাপতি জুলাই অভ্যুত্থানকে তান্ডব বলেছেন দাবি করে তাকে ক্ষমা চাইতে বলেন আব্দুল্লাহ আল আমিন। তা না হলে সাধারণ ছাত্র-জনতা ফ্যাসিস্টদের আবারও প্রতিহত করতে রাজপথে নামবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ইফতার মাহফিলে বিকেএমইএর সভাপতি হাতেমকে ফ্যাসিস্টদের দোসর বলায় তার সমর্থকরা সংসদ সদস্যকে ঘেরাও করে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সাথে কথা বলি। পরে রাত ৮টার দিকে অবরুদ্ধে সংসদ সদস্যকে আমরা উদ্ধার করি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন