রাজধানীর শ্যামপুর মিরহাজিরবাগ এলাকায় লাকি (১৭) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে শ্যামপুর মিরহাজিরবাগ পাইপ রাস্তার টিনশেড বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, বিকেলে খবর পেয়ে মিরহাজিরবাগের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় ওই নারী ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় পড়ে ছিল। তবে ঘরে কাউকে পাওয়া যায়নি। স্বামী পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানে হয়েছে
এসআই আরও জানান, স্বামী সজীবকে নিয়ে ওই বাসায় দেড় মাস ধরে ভাড়া থাকতেন লাকি। প্রতিবেশীর মাধ্যমে জানা যায়, গত রাতে তাদের ঘরে পারিবারিক বিষয় নিয়ে প্রচুর ঝগড়া হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। ঘরে দরজাও বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় লাকি মেঝেতে পরে আছেন। পরে থানায় খবর দেয়া হয়।
শাহাদাত হোসেন আরও জানান, ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় স্বামী সজীব স্ত্রী লাকিকে গলা কেটে হত্যা করে মরদেহ ঘরে ফেলে রেখে পালিয়ে গেছে। তাকে আটকে চেষ্টা চলছে।
নিহত লাকির বাড়ি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামে। তার বাবার নাম মো. হারুন।
খুলনা গেজেট/এমএনএস

