চলতি মার্চে দেশে এক থেকে দু’টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯ ডিগ্রির ঘরে। সেই সঙ্গে এ মাসে বজ্র ও শিলাবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
মার্চ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে রবিবার (১ মার্চ) এমন আশঙ্কা কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি মার্চে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দু’টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি এ মাসে দেশে ২ থেকে ৩ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টিসহ অন্তত ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। সেই সঙ্গে চলতি মার্চে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.০-৫.০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৭.৫-৯.৫ ঘণ্টা থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
খুলনা গেজেট/এমএনএস

