গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত যুবককে (২০) গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পরে মরদেহ এমসিবাজার টেংরা আঞ্চলিক সড়কের পাশে বৃন্দাবন এলাকার নির্জন স্থানে আগুন দিয়ে পুরিয়ে দেয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয়রা সকালে আটটার দিকে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন চৌরাস্তার পূর্বদিকে নির্জন জায়গায় সড়কের পাশে ঝোপের ভেতর মরদেহ ফেলে অজ্ঞাত দুর্বৃত্তরা। মরদেহের গলায় রশি পেঁচানো ছিল এবং আগুনে মরদেহ ও পরনের জামা-কাপড় পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ওই যুবককে অজ্ঞাত খুনিরা অন্যকোথাও গলায় রশি পেঁচিয়ে হত্যা করেছে। পরে মরদেহ বৃন্দাবনের সড়কের পাশে নির্জন জায়গায় ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
তেলিহাটি ইউনিয়নের গ্রামপুলিশ শরিফ মিয়া জানান, সকালে কাজে যাবার সময় শ্রমিকরা প্রথমে মরদেহ দেখতে পেয়ে তাকে জানায়। পড়ে তিনি পুলিশে খবর দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ জানান, সকালের দিকে এলাকায় মরদেহ পড়ে থাকার খবর পান। ঘটনাস্থলে এসে দেখতে পান ২০ বছর বয়সী পড়ে আছে। ঘাতকরা তাকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের কাজ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এমএনএস

