স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমরা একটা সমাজের ক্রান্তিলগ্নে বাস করছি, আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে সেই চিন্তা ভাবনাগুলোকে একত্রিত করতে হবে।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘সমাজকে গড়ে তুলতে হলে আজকে অবশ্যই নারীদের সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়। নারীদের পর্দার আড়ালে আরও বেশি করে আটকে রাখতে চায়।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি নারীদের অংশগ্রহণ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।উন্নয়নের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত এবং সেটা আমার মরহুম পিতা মির্জা রুহুল আমিন সেই পথ দেখিয়ে দিয়ে গেছেন। আজকে আমি তার (পিতার) আত্মার মাগফিরাত কামনা করছি। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাচ্ছি। ’
উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন সবাই মিলে আমরা বাংলাদেশকে গড়ে তুলি৷ সবাই মিলে একটা ভালোবাসার রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। ’
ইফতার মাহফিলে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএনএস

