বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২
ওআইসি বৈঠক

পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ড. খলিলুর রহমানের

গেজেট প্রতিবেদন

সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশের ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ড. খলিলুর রহমান জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ আলখারিজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি–এর সঙ্গে আলাদা বৈঠক করেন। উল্লেখ্য, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকগুলোতে অংশগ্রহণকারীরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

এছাড়া, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনকে প্রশংসা করা হয় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত বছরের সাক্ষাতের স্মৃতিচারণ করেন ইসহাক দার। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শিগগিরই তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকা সফর করবেন এবং নতুন সরকারের অধীনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দু’দেশ বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। রোহিঙ্গা ইস্যুতে তুরস্ককে সমর্থনের জন্য ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান। এছাড়া, রমজানের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। দুই দেশ রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও করেন।

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শিগগিরই সৌদি সফর করবেন বলে আশা প্রকাশ করেন এবং খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ বাংলাদেশের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করেছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ধারাবাহিক সমর্থনকে প্রশংসা করেন এবং আরব-ইসলামিক ব্লক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করার আশ্বাস দেন।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজির সঙ্গে বৈঠকে ড. রহমান রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা লড়ার জন্য গাম্বিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও আগামী এপ্রিলে বাগদাদে অনুষ্ঠিতব্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে যৌথভাবে একটি ইভেন্ট আয়োজনের বিষয়েও দুই দেশ একমত হয়েছে।

বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। সার্বিকভাবে বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা এবং জাতিসংঘে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন