বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

টাঙ্গাইলে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ২

গেজেট প্রতিবেদন

টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঘাটাইল উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন খুকু (৭০)। তিনি অটোরিকশার চালক ছিলেন।

অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি অটোরিকশা যাত্রী নিয়ে সাগরদিঘী বাজারে যাচ্ছিল। আমতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজিজুল হক হাওলাদার বলেছেন, “ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরেকজন মারা গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন