রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণ সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ’ থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হাজারীবাগের রায়ের বাজার হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। হাজারীবাগ থানার সূত্র জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানাধীন চরকঘাটা এলাকার একটি পাকা সড়কে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত প্রায় ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিন্তির বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সিয়ামের অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
হাজারীবাগ থানার কর্মকর্তারা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ও নিহত একই স্কুলে পড়ত। তাদের মধ্যে একসময় সম্পর্ক ছিল। সম্প্রতি ওই ছাত্রী সম্পর্ক রাখতে অপারগতা প্রকাশ করলে ক্ষোভ থেকে এ ঘটনা ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে

