বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। উভয়পক্ষ পারস্পরিক সম্পর্ককে আরও বিস্তৃত ও অর্থবহ পর্যায়ে উন্নীত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় ধর্মীয় বিষয়াবলিতে সহযোগিতা জোরদার এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সহযোগিতার পরিসর সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের অভিন্ন মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও আধ্যাত্মিক উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে সহযোগিতা সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সাক্ষাতে ধর্মীয় সেবাকে আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সমসাময়িক ও কার্যকর উপায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে মতবিনিময় হয়। আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মীয় সেবা ও সহায়ক ব্যবস্থাকে আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়। আগামী দিনে দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
খুলনা গেজেট/এমএনএস

