রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আতর আলী শেখ নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ আরও ১৬ জন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার মাটিপাড়ার বেথুলিয়া মিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আতর আলী শেখ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বেথুলিয়া মিয়া পাড়া এলাকার আইনউদ্দিন শেখের ছেলে। বিকেলে আহত আতর আলী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত ব্যক্তিরা হলেন বেথুলিয়া মিয়া পাড়া এলাকার বাসিন্দা সিদ্দিক শেখ, আফাজ শেখ, শাহিন শেখ, দুলাল শেখ, নিঝুম মন্ডল, ইদ্রিস শেখ, আব্দুল কুদ্দুস, মোস্তফা শেখ, হাসি বেগম, মনোয়ারা বেগম, মৌসুমী আক্তার, আব্দুল বারেক, আবু বক্কার মোল্লা ও রাকিব শেখসহ আরও দুইজন। তারা সবাই রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
মারপিটের শিকার আহত রাকিব শেখ বলেন, `দীর্ঘদিন যাবৎ স্থানীয় বাসিন্দা আব্দুল রজব শেখের সাথে সুর্য্য মিয়ার পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি মিমাংসা হওয়ার কথা থাকলেও সালিসে আসেনি সুর্য্য মিয়ার পরিবার। পরে সোমবার সকাল ৭টার দিকে সুর্য্য মিয়া লোকজন নিয়ে এসে রজব মিয়ার বাড়িতে হামলা চালায় ও মারপিট শুরু করে। এ ঘটনায় ওই বাড়ির নারী-পুরুষ ও শিশুসহ ১৬জন গুরুতর আহত হয়।‘
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খোন্দকার জিয়াউর রহমান বলেন, `মাটিপাড়া এলাকায় রজব শেখ ও সুর্য্য মিয়া দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এমনকি দুই পরিবারের মধ্যে মোট ১৪টি মামলা হয়েছে। সকালে মারামারির খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।‘
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, `সোমবার সকালে মারামারির ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।‘
খুলনা গেজেট/এমএনএস

