গাজীপুরের টঙ্গীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন। একপর্যায়ে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৮), ফিরোজ মিয়া (২৭),পথচারী রোহান (২১), রবিউল ইসলাম (৩৬), নয়ন ইসলাম রাজ (৩৩) ও সাফি মিয়া (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় এক দোকানে কয়েকজন যুবকের ওপর হামলা চালায় একটি পক্ষ। এতে আহত হন রবিউল, সাফি ও নয়ন নামে তিন যুবক।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার পর বিকেলে প্রতিপক্ষের হামলায় দুই ব্যবসায়ী শাহাদাত, ফিরোজ ও পথচারী রোহানসহ তিনজন আহত হয়। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছুড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে হামলাকারীদের শনাক্ত করতে পারেনি ভুক্তভোগীরা।
পুলিশ জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে সংঘটিত একটি মারামারির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এই জেরে রবিবার বিকেলে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছে দুই-তিন গুলি রাউন্ড বর্ষণ করা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা গেজেট/এমএনএস

