শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

টেকনাফে পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৫৫, আটক ৫

গেজেট প্রতিবেদন

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক লোক টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। পরে কোস্ট গার্ডের বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহজনক নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে নৌকাটি আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের বরাত দিয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল।’

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন