শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর

গেজেট প্রতিবেদন

ফরিদপুরের সালথায় গরু চুরির করতে ব্যবহার করা একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে স্থানীয় গ্রামবাসী। তবে চোরেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি গ্রামবাসী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকজন চোর ওই গ্রামের রণ গোপালের বাড়ির গোয়াল ঘরে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে গেলে চিৎকার শুরু করে। এতে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে অবস্থা বেগতিক দেখে চোরেরা পালিয়ে যায়। এ সময় তারা চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি ফেলে রেখে যায়। পরে উত্তেজিত জনতা ট্রাকটি রাস্তার পাশে ঢালে ফেলে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর খান বলেন, এলাকার লোকজন চলে আসলে চোরেরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে রেখে যাওয়া ট্রাকটি গ্রামবাসী পুড়িয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন