বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

চাকরি হারালেন নির্বাচন কমিশনের ১৫ কর্মী

গেজেট প্রতিবেদন

নির্বাচন কমিশনের (ইসি) ১৫ জন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সচিবালয় সূত্রে জানা গেছে, একটি চলমান প্রকল্পে কর্মরত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি আরও ছয়জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে। যদিও অফিস আদেশে অভিযোগগুলোর সুনির্দিষ্ট বিবরণ বা প্রমাণের বিস্তারিত তুলে ধরা হয়নি।

অফিস আদেশে সংশ্লিষ্টদের সব ধরনের পরিচয়পত্র (আইডি কার্ড) ও কার্যালয়ে প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান এবং মো. আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটরসহ সংশ্লিষ্ট পদে দায়িত্ব পালন করছিলেন।

ইসি সচিবালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে আদেশে কারও বিরুদ্ধে বিস্তারিত অভিযোগের প্রমাণ উল্লেখ করা হয়নি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন