শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

নিখোঁজের একদিন পর নদী থেকে প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

নিখোঁজের একদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদী থেকে মাহিম কাজী (৭) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে কোটালীপাড়া ফায়ার সার্ভিস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার সকালে ঘাঘর নদীতে পড়ে সে নিখোঁজ হয়।

নিহত মাহিম কাজী কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের মিরাজ কাজীর ছেলে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রবিবার সকালে বাড়ির পাশের ঘাঘর নদীর পাড়ের একটি বালুমহালে খেলছিল বাকপ্রতিবন্ধী শিশু মাহিম কাজী। এ সময় শিশুটি একটি বালুর ট্রলারে উঠলে যে কোনো সময় ঘাঘর নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে মাহিমকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরপর তাকে না পেয়ে বিষয়টি কোটালীপাড়া ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবার দুপুরে মাদারীপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘাঘর নদীতে তল্লাশি শুরু করে। পরে বিকেলে ঘাঘর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন