রাজধানীর গেন্ডারিয়া এলাকার একটি মেস থেকে ইমরান নাবিল প্রামানিক (২৬) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স শেষ করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে গেন্ডারিয়া রজনী চৌধুরী রোডের বাসার ৫তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
গেন্ডারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাসুম বিল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ৬ তলা বাসার ৫ম তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তিনি ফ্যানের সাথে বিছানার চাদর দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।
এসআই আরও জানান, ওই বাসায় তিনিসহ আরও দুজন ভাড়ায় উঠেছিলেন। এক জন দুইমাস আগে চলে যান। আরেকজন ভোট দিতে গ্রামের বাড়িতে ছিলেন। ইমরান একাই ছিলেন বাসায়। আজ সকাল ৯টার দিকে কাজের বুয়া দরজা নক করে। অনেকক্ষণ দরজা না খোলায় বাড়িওয়ালার কাছে যান তিনি। পরে বাড়িওয়ালার মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই।
পরিবার থেকে জানতে পেরেছি, তিনি হতাশাগ্রস্থ ছিলেন। হতাশা থেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত ইমরানের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারি গ্রামে। তার বাবার নাম মো. শফিকুল ইসলাম প্রামানিক।
মৃত ইমরানের ফ্ল্যাটমেট জুয়েল কবির জানান, চার বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে মাষ্টার্স শেষ করে ইমরান। এরপর থেকে চাকরি খুঁজছিল। আরও নানান বিষয় নিয়ে হতশাগ্রস্ত ছিল। কয়েক দিন ধরে একাই ছিল বাসায়। আজ সকালে জানতে পারি গলায় ফাঁস দিয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

