শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

রংপুরে ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটক, ৭ লাখ টাকা জব্দ

গেজেট প্রতিবেদন

রংপুর বিভাগীয় শিক্ষা অফিসে এমপিওভুক্তির সুপারিশ পেতে কর্মকর্তাদের ব্যাগভর্তি টাকা ঘুষ দেয়ার চেষ্টার সময় মাইদুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষকের টাকার ব্যাগ থেকে নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক মাইদুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাদারিটাকা রৌমারী উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোছা. রোকসানা বেগম জানান, ‘মাইদুল ইসলাম তার কাছে এসে এমপিওভুক্তির সুপারিশ করার জন্য প্রায় ৮ লাখ টাকা ঘুষ দেয়ার প্রস্তাব দেন। এ সময় তিনি সঙ্গে থাকা টাকার ব্যাগটি দেখান। বিষয়টি তাৎক্ষণিক বুঝতে পেরে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় মাইদুলকে কক্ষের ভেতরেই আটকে রাখা হয়। পরে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) খবর দিলে তারা এসে তাকে আটক করে। তল্লাশিতে তার ব্যাগে নগদ ৭ লাখ টাকা পাওয়া যায়।’

আটক হওয়ার পর শিক্ষক মাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি নিজের এবং অন্য শিক্ষক-কর্মচারীদের আটকে থাকা বিল পাসের সুপারিশ নিতে এসেছিলেন। তিনি দাবি করেন, টাকা দিলে হয়তো কাজ হবে ভেবেই আমি টাকা নিয়ে এসেছি। কারণ এর আগে কয়েকবার খালি হাতে আসলেও কোনও কাজ হয়নি, কেউ সুপারিশ আমলে নেয়নি।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন